মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন”-এর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গনী। সঞ্চালনায় ছিলেন জেলা অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন।
এ সময় বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইসকন একটি উগ্র ও ধর্মবিদ্বেষী সংগঠন, যারা দেশের মুসলিম সমাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টে ভূমিকা রাখছে। তাঁরা সাম্প্রতিক সময়ে সংঘটিত শহিদ আলিফ হত্যাকাণ্ড, গাজীপুরে এক খতিবকে গুমের চেষ্টা ও মুসলিম নারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসকনের কার্যক্রম দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান বক্তারা।
হেফাজতের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দেশব্যাপী কঠোর ইসকনবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে।