মঈন উদ্দীন, বান্দরবান
বান্দরবানে সড়ক নির্মাণ কাজকে কেন্দ্র করে চাঁদা দাবি ও চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৯ অক্টোবর২০২৫) সকালে পশ্চিম বালাঘাটার সর্বস্তরের মানুষ ১ নম্বর ওয়ার্ডের স্বর্ণমন্দির ব্রিজের পাশে মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা জানান, প্রায় ৪৫ বছর ধরে এই পথ দিয়ে ২০০ পরিবারের যাতায়াত হয়ে আসছে। সেই পথের সংস্কার ও জনদুর্ভোগ লাঘবের জন্য জেলা পরিষদ সড়ক নির্মাণ কাজ শুরু করলে দিদারুল করিম নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা চাঁদা দাবি করে এবং চলাচলের পথে বাধা সৃষ্টি করে।
অভিযোগে আরও বলা হয়, দিদারুল করিম রাস্তার জায়গায় বেআইনি বাউন্ডারি নির্মাণ করে কাজ বন্ধে চাপ প্রয়োগ করছে এবং ঠিকাদারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে।
বক্তারা জানান, এই সড়কটি দীর্ঘদিনের দাবি পূরণের অংশ হিসেবে নির্মিত হচ্ছে। সড়কটি সম্পূর্ণ হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য বাজারে পৌঁছানো যাবে দ্রুত। কিন্তু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উন্নয়ন ব্যাহত করে লোকজনের ভোগান্তি বাড়াচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানান— যারা উন্নয়নকাজে বাধা প্রদান ও চাঁদা দাবি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ সময় তারা আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কেউ ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে।