জাতীয় পার্টির বিচার দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা প্রকাশ্যে বলছে—আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই সাহস তারা কোথা থেকে পায়!”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি বিগত ১৬ বছরে আওয়ামী লীগের সব গুম, খুন ও দমননীতির বৈধতা দিয়েছে। তারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে। এখন সময় এসেছে তাদের বিচারের মুখোমুখি করার, এবং এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আবারও নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করবে। তাদের সঙ্গে যুক্ত কিছু বিদেশি শক্তিও একই কৌশলে সক্রিয় রয়েছে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।”
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা গেলেও তাদের ফ্যাসিবাদী মানসিকতা ও সুবিধাবাদী শ্রেণি এখনো টিকে আছে। তাদের অনেক নেতা জামিনে বেরিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তাই শুধু সরকার পরিবর্তন নয়, ফ্যাসিবাদী কাঠামো ধ্বংস করাই এখন সময়ের দাবি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এবং মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছে—যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঐক্যই হতে পারে মুক্তির পথ।”