বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, “আগামী দিনে বিএনপি দেশের যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে জাদুঘরে পাঠানো হবে, আর হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে আবারও হাসি ফুটবে।” তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যুব সমাজের ওপর—তাদের কর্মসংস্থান, দক্ষতা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।
বিএনপি নেতা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে পরিবর্তন আনতে হলে, দেশের যুবকদের ভবিষ্যৎ গড়তে হলে—তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দিন।”
সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল। এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ও যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ।
সমাবেশ শেষে স্থানীয় যুবদল নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।