সিরাজগঞ্জ কারাগারে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও জুলাই আন্দোলনের মামলার আসামি আহমদ মোস্তফা খান বাচ্চু। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ কারাগারের জেলার এস এম কামরুজ্জামান জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ২৪ এপ্রিল থেকে তিনি সিরাজগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্র জানায়, বাচ্চু ছিলেন জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ চারটি হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে এসব মামলার বিচারিক কার্যক্রম চলমান ছিল।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কারাগারে তার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে তার মৃত্যুর খবর প্রকাশের পর এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।