তিন মাসের জন্য সব দলীয় পদ স্থগিত থাকা সত্ত্বেও অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। গত ২৬ আগস্ট তার সব পদ স্থগিত করে দলীয় চিঠি পাঠানো হয়েছিল।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময়ে তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি সোমবার এক গণমাধ্যমকে স্বীকারও করেন ফজলুর রহমান। তবে পদ স্থগিত থাকা অবস্থায় বৈঠকে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে ২৪ আগস্ট তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। সময় বাড়ানোর আবেদন ও লিখিত জবাব দেওয়ার পরও দলীয় হাইকমান্ড সন্তুষ্ট না হওয়ায় তাকে তিন মাসের জন্য স্থগিত করা হয়।