বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ। এই অহংকার কারও ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয়। কিন্তু আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের একান্ত সম্পত্তি বানিয়েছে এবং এই চেতনাকে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে।”
সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত নবীনবরণ ও বিভাগীয় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।
শিবির সভাপতি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল। আজ আওয়ামী লীগ তাদের অতীতের পাপের প্রায়শ্চিত্ত করছে।”
তিনি আরও বলেন, “যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়েছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছে।”
জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি দীর্ঘদিন স্থবির ছিল। আলহামদুলিল্লাহ, এখন তা কাটতে শুরু করেছে। চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, যা ইতিবাচক দৃষ্টান্ত। শিক্ষার্থীরা এখন ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক এবং আদর্শভিত্তিক রাজনীতি চায়।”
তিনি বলেন, “একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশের প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো, ফ্যাসিবাদী রাজনীতির দিন শেষ। যারা এখনো সেই ধারা বজায় রাখতে চায়, ব্যর্থতার দায় তাদের নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, আইন সম্পাদক আরমান পাটোয়ারী ও সাবেক শিবির নেতা মেহেদী হাসান।