বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বহুদিন অচল অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, এখন তা কাটতে শুরু করেছে।” তিনি বলেন, ইতোমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, যা ইতিবাচক সূচনা। ধাপে ধাপে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজিত নবীনবরণ ও বিভাগীয় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ, এটি কারও একার সম্পত্তি নয়। কিন্তু আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন।”
তিনি আরও বলেন, “একাত্তরের শহীদদের ত্যাগের মর্যাদা রাখতে হলে আমাদের চব্বিশের প্রজন্মকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো ফ্যাসিবাদী রাজনীতির দিন শেষ, এখন সময় পরিবর্তনের।”
ছাত্রশিবির সভাপতি উল্লেখ করেন, “পাঁচই আগস্টের পর শিক্ষাঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ শিক্ষার্থীরাও এখন ফ্যাসিবাদমুক্ত ও অংশগ্রহণমূলক রাজনীতি চায়। প্রশাসন যদি ছাত্রশিবিরের সহযোগিতা চায়, আমরা দায়িত্বশীলভাবে সহযোগিতা করব—তবে প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে হয়, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা এবং সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, আইন সম্পাদক আরমান পাটোয়ারী, ও শিবিরের সাবেক নেতা মেহেদী হাসান।