জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুণ্ডামির আস্তানা”। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিসিএস পরীক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত। কারণ সচিবালয়ে সাধারণ মানুষ হিসেবে আমাদের গণ্যই করা হয় না।” তিনি অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জনগণের সেবার পরিবর্তে ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিদ্যমান। “জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনই সংস্কার করা জরুরি। কারণ তাদের অগ্রাধিকার তালিকায় চাকরিপ্রার্থীরা নেই,” বলেন তিনি।
হাসনাতের মতে, অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা। তারা নিজেদের পদোন্নতি নিশ্চিত করেছে, কিন্তু সাধারণ চাকরিপ্রার্থীদের দুর্ভোগ এখনো কমেনি।
তিনি জানান, “পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে। বিসিএস এক বছরের মধ্যে শেষ করার সুপারিশও করা হয়েছে। তবে চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। তারা যদি এই অনিয়ম বন্ধ করতে না পারে, তাহলে লাল ফিতার দৌরাত্ম্য থেকে চাকরিপ্রার্থীরা কখনো মুক্তি পাবে না।”