রবিউল আলম, কুমিল্লা
কুমিল্লা জেলা পুলিশের অংশ হিসেবে তিতাস থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার শাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন অস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনার পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপগান, ১০টি সীসা কার্তুজ এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে পুলিশি উপস্থিতির কারণে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিতাস থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।