আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০০ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি এখনো সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবুও কয়েকটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন এবং নীরবে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।
রাজধানীর কাফরুল-মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি এবার বিশেষভাবে আলোচনায়। এ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি ইতোমধ্যে এ এলাকায় একাধিকবার জনসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, গণসংযোগ এবং সামাজিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন তিনি।
তবে একই আসন থেকে বিএনপিও প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৫ আসনে বিএনপির তরফে গ্রিন সিগন্যাল পেয়েছেন সফিকুল ইসলাম মিলটন। তিনি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় এবং দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রাজনীতিবিদদের মতে, এই আসনে জামায়াত ও বিএনপির প্রার্থী লড়াইয়ে নামলে বিরোধী জোটের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। তবে দুই দল যদি সমঝোতায় আসে, তাহলে যৌথ প্রার্থী দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
ঢাকা-১৫ আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্ববহ। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত—তিন দলেরই এখানে শক্ত অবস্থান রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই আসনে ভোটের সমীকরণ ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে।