বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্থক নারী ও আপোষহীন নেত্রী। তিনি বলেন, “বিশ্বে অনেকেই সফল হয়েছেন, কিন্তু সবাই সার্থক নন।
শেখ হাসিনা সফল হয়েছেন হত্যা, গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে; আর খালেদা জিয়া সার্থক হয়েছেন তার আপোষহীন নীতির কারণে। তিনি সার্থক মা, সার্থক স্ত্রী, সার্থক বোন এবং সর্বোপরি বাংলাদেশের সার্থক নারী।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘নারী জাগরণ’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুতুল বলেন, “৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা প্রস্তুত। নারীরা যেমন সন্তানদের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য।”
ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা এমন প্রজন্ম তৈরি করবে যারা দেশের সম্পদ হবে, বোঝা নয়।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যদি লালপুর-বাগাতিপাড়ার জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে নারীদের জন্য কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ সৃষ্টি করব। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।