জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুজব নিয়ে মুখ খুললেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেছেন, “আমি রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখি সারারাত গুজব চলেছে। আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। এনসিপিই সরকার গঠন করবে, আমিও এনসিপির সঙ্গেই থাকব।”
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী জানান, বৃহস্পতিবার রাতে কিছু গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে রাতেই দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, “বাংলাদেশে অনেক দেশপ্রেমিক সাংবাদিক আছেন। আমরা চাই, কোনো খবর প্রচারের আগে যাচাই করা হোক। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপসংবাদিকতা করছেন, তাদের প্রতি আহ্বান—আপনাদের বোধোদয় হোক। আমাদের সবাইকে সুস্থ সাংবাদিকতার পথে ফিরতে হবে।”
নাসীরুদ্দিন আরও বলেন, “আমাদের বিরুদ্ধে এখন মিডিয়া ট্রায়াল চলছে। অতীতেও এমন হয়েছে। আমরা জানি না কে বা কারা এর পেছনে আছে, তবে এটা স্পষ্ট যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি উল্লেখ করেন, দলের প্রতিটি নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ এবং গুজব ছড়িয়ে সংগঠনকে দুর্বল করার চেষ্টা সফল হবে না। “আমরা ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। যারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি, তারাই এখন বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত,” বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক।