বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছেন।
শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।”
তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন,
“শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”
জাতীয় নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি ইতোমধ্যেই সাক্ষাৎকারে তা স্পষ্টভাবে জানিয়েছেন। কোন আসন থেকে নির্বাচন করবেন, তা পরে নির্ধারণ করা হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।”
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও বলেন, “আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচন করবেন কিনা। আমরা চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন।”