রাকিবুল, ডোমার (নীলফামারী)
নীলফামারী জেলার চিলাহাটি গোসাইগঞ্জ বন বিভাগের গাছ পুনরায় আবারো দিনে-রাতে চলছে কর্তন এবং জমি দখল। এদিকে স্থানীয় প্রশাসন বর্তমানে পাহারা দিলেও থামছেনা গাছ কাটা। গতকাল বৃহস্পতিবার গোসাইগঞ্জ বন বিভাগ এলাকা ঘুরে দেখা গেছে, নতুন করে অনেক গাছ কর্তনের চিত্র।
গাছের বড় বড় মুরাগুলো জমিতে পড়ে আছে, আর কিছু কিছু জমি আবার মহেন্দ্র দিয়েও চাষাবাদ করছে, এ যেন দখলের মহোৎসব। পূর্বে যে গাছগুলো কর্তন করা হয়েছিল ওই জমিতে বর্তমানে চাষাবাদের উপযোগী করেছে দখল করে, দেখে বুঝার উপায় নাই যে পূর্বে এখানে বন বিভাগের গাছ ছিল।
বন বিভাগ ঘুরে দেখা গেছে, ভোগডাবুড়ি ইউনিয়নের গ্রাম পুলিশরা কিছুদিন পূর্ব থেকে পাহারা দিচ্ছে, তাদের চোখকে ফাঁকি দিয়েও রাতের আঁধারে গাছ কাটছে বলে জানায় নাম প্রকাশের অনিচ্ছুক কিছু কিছু ব্যক্তি। স্থানীয় সুধী মহল জানায় গাছ কাটার এ মহা উৎসব চলতে থাকলে গোসাইগঞ্জ বন বিভাগ একদিন আর থাকবে না। ধ্বংস হয়ে যাবে এ বন এবং ভারসাম্য হারাবে পরিবেশ ও জীববৈচিত্রের।
এ বিষয়ে কয়েকবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ডোমার, সহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা কয়েক দফা এসে স্থানীয়দের সাথে সচেতনতামূলক সভা-সমাবেশ করলেও স্থানীয় কেউই কথা শুনছে না। পূর্বে গাছ কাটার ব্যাপারে কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায় । তারপরও স্থানীয়রা দিনরাত গাছ কেটে জমি বের করছে এবং চাষাবাদ উপযোগী করে তুলছে।
এ ব্যাপারে জানতে চাইলে, গোসাইগঞ্জ বন বিভাগের বন প্রহরী নাজমুল হক জানান- আমার একার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হচ্ছে না। এদিকে গাছ কাটর খবর পেয়ে যখন যাই, একদিকে গেলে আরেকদিকে গাছ কাটে, এখানে অতিরিক্ত জনবল থাকলে গাছ কর্তন রক্ষা পাবে, সেই সাথে বন বিভাগ ফিরে পাবে তার আগের ঐতিহ্য।