মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড়ে বাবা হত্যা মামলার পলাতক আসামি শুভ চন্দ্র নাথ (১৯) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার গর্জনতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুভ রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের মাখন চন্দ্র নাথের ছেলে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে এসআই আনসার উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই পারিবারিক কলহের জেরে শুভ কোদালের হাতল দিয়ে মাথায় আঘাত করে তার বাবা মাখন চন্দ্র নাথকে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করা হয়।
ওসি মঈন উদ্দিন জানান, গ্রেপ্তারের পর শুভ চন্দ্র নাথ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।