জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্মানিত শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে সরকারের বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন।
তিনি লেখেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো অবশেষে সরকার গ্রহণ করেছে। তবে এই প্রক্রিয়ার মধ্যে শিক্ষকরা অনেক কষ্ট ভোগ করেছেন। বছরের শেষের দিকে এই বিলম্ব শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা প্রভাব ফেলেছে।
শফিকুর রহমান আরও বলেন, এই সিদ্ধান্ত যদি আগে নেওয়া হতো, শিক্ষকদের যন্ত্রণা এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি দুটোই এড়িয়ে যাওয়া যেত।
সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, এবং বিলম্বিত হলেও সরকারের পদক্ষেপের জন্য ধন্যবাদ।
এর আগে, ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার, সচিবালয় অভিমুখে মিছিল, শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পরিচালনা করছিলেন।
তাদের তিনটি মূল দাবি ছিল মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা বৃদ্ধি এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার প্রস্তাব।
পরে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এই ঘোষণার পর আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।