৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন—“হ্যাঁ বা না—যেভাবেই হোক, ফাইলটি ছাড়ুন। হাজারো মেধাবী তরুণের জীবন এখন এ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২১ অক্টোবর) দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, “৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য বহুদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না।
অথচ এই সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু ফাইলটি নড়ে না। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন?”
এই স্ট্যাটাসটি প্রথমে দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন, যেটি পরে শেয়ার করেন সারজিস আলম।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১ হাজার ৬৯০ জনকে। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন—যাদের ‘রিপিট ক্যাডার’ বলা হয়।
সমালোচনা ও বিতর্কের পর পিএসসি সিদ্ধান্ত নেয়, রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী নতুন প্রার্থীদের সুপারিশ করতে বিধি সংশোধন করা হবে। কিন্তু সংশোধিত ফাইলটি এখনো প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে আছে।