ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদ বলেছেন, “আমি আওয়ামী লীগ করি না, কাজেই তাদের পুনর্বাসনের প্রশ্নই ওঠে না।” তিনি বলেন, “তারা আমাকে টার্গেট করেছে, কারণ আমি সমাজসেবামূলক কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি। এ কারণেই আমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা এই হামলা চালিয়েছে।”
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফের অভিযোগের জবাবে এ কে আজাদ বলেন, “আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক। আমি কোনো দলের সন্ত্রাসীদের সঙ্গে ঘুরি না, বরং আমি মানুষের পাশে কাজ করি।”
তিনি আরও বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলাম। যারা এখন আমাকে নিয়ে মিথ্যা প্রচার করছে, তারা রাজনীতিতে টিকে থাকতে না পেরে অপপ্রচার চালাচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ কে আজাদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। আমি মাঠে আছি, জনগণের জন্য কাজ করছি, কিন্তু আমার ওপর হামলা হচ্ছে—এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।”
রবিবার বিকেলে পরমানন্দপুরে গণসংযোগকালে তার গাড়িবহরে হামলার ঘটনায় তিনি বলেন, “আমি সন্ত্রাসীদের মোকাবিলা করেই আগের নির্বাচনে জিতেছিলাম, এবারও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।”
এদিকে বিএনপি মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, “আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু একটি মহল এলাকাকে অশান্ত করতে চায়।” তিনি এ কে আজাদের অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, “আমরা শান্তির রাজনীতি করি, মিথ্যাচারের রাজনীতি নয়।”