মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার ঈমাম চর ও সুধারচর এলাকায় ডাকাত আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন স্থানীয়রা। গত দুই সপ্তাহ ধরে এলাকায় অজানা মুখোশধারী ডাকাত দলের তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন তরুণ-যুবকরা।
ধলেশ্বরী নদীর তীরবর্তী এই দুটি গ্রাম নদীপথে সহজে প্রবেশযোগ্য হওয়ায় ডাকাতরা ট্রলারে করে গভীর রাতে বিভিন্ন অস্ত্রসহ এলাকায় প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আতঙ্কের কারণে এখন প্রায় প্রতিটি বাড়ির সামনে টর্চলাইট ও বাঁশের লাঠি হাতে পাহারায় থাকছেন গ্রামের যুবকেরা।
সম্প্রতি ঈমাম চর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট অনিল কুমার সরকারের বাড়িতে রাতে ডাকাতির চেষ্টা হয়। তিনি জানান, “প্রায় ১৫ দিন আগে গভীর রাতে একদল ডাকাত আমার বাড়ির দরজার তালা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। আমরা টের পেয়ে চিৎকার দিলে তারা দ্রুত ট্রলারে করে পালিয়ে যায়।”
ঘটনার পর ৫ অক্টোবর তিনি মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেন। তবে এরপরও এলাকায় আতঙ্ক কাটেনি। স্থানীয়রা জানান, গত ২০–২৫ দিন ধরে তারা নিয়মিত রাতের বেলা গ্রুপ করে পাহারা দিচ্ছেন। কেউ পাহারা না দিলে ঘরে ঘুমানোর সাহস পান না তারা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “ঈমাম চর ও সুধারচর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত কাজ করছি।”
এলাকাবাসীর দাবি, দ্রুত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়ে যাবে।