বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের জানান, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং স্পষ্ট করে বলেছেন—বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।”
আজীজী আরও জানান, বৈঠক চলাকালীন মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন এবং শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “আমরা মনে করছি, বিএনপি মহাসচিব শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু করেছেন। এতে আমাদের আন্দোলনে নতুন প্রেরণা এসেছে।”
শিক্ষক প্রতিনিধিরা বৈঠকে প্রস্তাব করেন, আপাতত ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হলে অন্যান্য দাবিগুলো পরবর্তী পর্যায়ে বিবেচনা করা যেতে পারে। তারা জানান, এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে এবং সরকারের প্রতি আহ্বান জানাতে তারা কাজ করছেন।
দেলোয়ার হোসেন আজীজী বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো অবহেলিত হয়েছে। বিএনপি যদি সত্যিই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তাহলে দেশের লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর জীবনমানের পরিবর্তন ঘটবে।”
শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, জাতীয়করণের প্রতিশ্রুতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে পারে।