আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে শিশু-কিশোরদের বিনোদন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নির্মিত হচ্ছে একটি আধুনিক শিশু পার্ক ও লার্নিং সেন্টার। উপজেলার ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জনবান্ধব উন্নয়ন প্রকল্প বলে জানিয়েছেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পার্কটির নির্মাণকাজ বর্তমানে পুরোদমে চলছে। এখানে শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড ও খেলার উপকরণ, প্রায় এক হাজার ফুট দীর্ঘ ওয়াকওয়ে, ফুলের বাগান ও সবুজ মাঠ। পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে মানুষ যেন স্বস্তিতে অবসর সময় কাটাতে পারে, সেই লক্ষ্যেই পুরো এলাকা সাজানো হচ্ছে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, শুধু বিনোদন নয়—শিক্ষা ও ক্রীড়া চর্চার মানোন্নয়নের দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য পার্কের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে ‘টংগিবাড়ী লার্নিং সেন্টার’, যেখানে স্থানীয় শিক্ষার্থীরা আধুনিক পদ্ধতিতে গুণগত শিক্ষা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি শিশু-কিশোরদের সাঁতার শেখার জন্য নির্মিত হচ্ছে একটি সুইমিং পুল, যা এলাকার শিশুদের শারীরিক বিকাশ ও নিরাপত্তাবোধ গঠনে ভূমিকা রাখবে।
মোস্তাফিজুর রহমান বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে টংগিবাড়ীর শিশুদের মানসিক বিকাশ, সুস্বাস্থ্য ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি শুধু একটি পার্ক নয়, বরং একটি সার্বিক উন্নয়ন উদ্যোগ।”
তিনি আরও জানান, টংগিবাড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে একটি আধুনিক বিনোদন কেন্দ্রের অপেক্ষায় ছিল। এই পার্ক ও লার্নিং সেন্টার নির্মাণের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। উপজেলা প্রশাসন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা মনে করছেন, এ প্রকল্পটি চালু হলে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, “টংগিবাড়ীর এই ঐতিহাসিক জনবান্ধব প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”