আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
জাতীয় নির্বাচন ঠেকাতে ও প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নবিষয়ক কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, “ফ্যাসিবাদের মূল নায়ক শেখ হাসিনা এখন দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। কিন্তু এসব কৌশলে আর কাজ হবে না— জনগণ এখন প্রতিরোধে প্রস্তুত।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা। “রাষ্ট্র কাঠামো সংস্কারের এই পরিকল্পনার মধ্য দিয়েই গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব,” যোগ করেন তিনি।
মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এরশাদ হোসেন আসাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু।
কর্মশালায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফুল ইসলাম বুলেট ও সাধারণ সম্পাদক পরশ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং ছাত্রদল নেতা সাফকাত হোসাইন রকি প্রমুখ।