জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিনেও শহীদ পরিবারের সদস্যদের রাস্তায় নামতে হয়েছে—এ ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আজ জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এটাই প্রমাণ করে, তারা এখনো সেই ত্যাগী মানুষদের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা দিতে পারেনি।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামীর মতো এত নির্যাতন, নিপীড়ন আর কোনো রাজনৈতিক দলকে সহ্য করতে হয়নি। তাই আমরা জানি, জুলাইয়ের মজলুম পরিবারগুলোর বেদনা কত গভীর, সেই কষ্ট আমরাই সবচেয়ে বেশি অনুভব করি।”
জামায়াতের আমির বলেন,
“জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত আমরা কারও বিরুদ্ধে প্রতিশোধের পথে হাঁটিনি। বরং আমরা ন্যায়, শান্তি ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে যাচ্ছি।”
তিনি শহীদ পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “এই দেশের জনগণ সেই ত্যাগের মূল্য ভুলে যায়নি। ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”