বাংলাদেশে প্রকৃত শান্তি, ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর বিধান বাস্তবায়ন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা যদি সত্যিই আল্লাহর নিয়ামত ফিরে পেতে চাই, তাহলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বিধান অনুসরণ করতে হবে।”
সোমবার রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, “বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, কিন্তু ইসলামী মূল্যবোধ থেকে আমরা অনেক দূরে সরে গেছি।
সমাজে দুর্নীতি, অন্যায়, বিশৃঙ্খলা ও অবিচার ছড়িয়ে পড়েছে কারণ আমরা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদেশ অমান্য করছি। নামাজে আমরা শান্তি পাই, কিন্তু বাইরে গিয়ে সেই শান্তি হারিয়ে ফেলি।”
তিনি আরও বলেন, “সমাজজীবনে, রাষ্ট্রজীবনে এমনকি পারিবারিক জীবনেও আমরা কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করছি না। তাই প্রকৃত শান্তি, মর্যাদা ও নিরাপত্তা অর্জন সম্ভব নয় যতক্ষণ না মানুষ আল্লাহর বিধানের দিকে ফিরে আসে।”
ড. শফিকুর রহমান বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের বেশিরভাগ সময় কেটেছে সংগ্রামে। তিনি নিজ উদাহরণে প্রমাণ করেছেন—আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম ছাড়া সম্ভব নয়। সেই পথেই আমাদের এগোতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে বাংলাদেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। যদি দেশের জনগণ আমাদের সেবা করার সুযোগ দেয়, আমরা ইনশাল্লাহ দুর্নীতি ও অন্যায়কারীদের হাত থেকে দেশকে মুক্ত করব।”
জামায়াতের এই নেতা দেশের তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, “যুবসমাজই হবে পরিবর্তনের অগ্রদূত। কোরআন ও সুন্নাহর আলোয় বাংলাদেশকে আলোকিত করাই আমাদের প্রতিজ্ঞা।”