রাব্বিকুল ইসলাম,দুমকি প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরে এসে মনোনয়ন ও নির্বাচনী তদারকিতে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন হবে—এমন প্রত্যাশায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।”
তিনি আরও বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন ঘিরে, কিন্তু ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জয়লাভ করবে। ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের ১৬ বছর ধরে দমিয়ে রেখেছিল, এখন ছাত্রদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেব।”
আলতাফ হোসেন চৌধুরী দৃঢ় কণ্ঠে বলেন, “তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।”
মঙ্গলবার বিকেল ৫টায় দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান,
জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন,
নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভানেত্রী জেসমিন জাফর,
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল আমিন,
সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি,
ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।