আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় জায়গা হয়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সরাসরি র্যাঙ্কিংয়ে এবং বাকিগুলো ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের অবস্থানই ৮০০-এর পরের পর্যায়ে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, নজরুল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয় যখন টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ স্থান পেয়েছে, সেখানে নজরুল বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পায়নি। তাঁদের মতে, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়—র্যাঙ্কিংয়ে স্থান অর্জনের জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, শিক্ষকদের আন্তর্জাতিক প্রকাশনা এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ।
শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা যদি একযোগে কাজ করেন, তবে খুব শিগগিরই নজরুল বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
অনেক শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করে জানান, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য শিক্ষা ও গবেষণায় আরও বেশি বিনিয়োগ করা জরুরি। তাঁদের মতে, বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে কখনোই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যাবে না।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম না থাকা সত্যিই হতাশাজনক। তবে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিলে আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব।
এজন্য গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, আধুনিক লাইব্রেরি ও একাডেমিক পরিবেশ গড়ে তোলা জরুরি। পাশাপাশি র্যাঙ্কিং-সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনায় একটি বিশেষ টিম গঠন করাও প্রয়োজন।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার অমি বলেন, “বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য গবেষণার মান বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য গবেষণাখাতে বরাদ্দ বাড়ানো, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা এবং লাইব্রেরিকে আধুনিকায়ন করে দেশি-বিদেশি বই ও জার্নালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়া নিয়মিত শিক্ষামূলক সেমিনার ও কর্মসূচির আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।”
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং তৈরি করা হয় শিক্ষার মান, গবেষণা, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনা—এই চারটি মূল মানদণ্ডের ভিত্তিতে। এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।