মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদীখানে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর বাসাইল গ্রামের নুর মোহাম্মদ খান (৩২) ও একই গ্রামের আইয়ুব খান (৪৫)। নিহত মজিবুর খান (৫২) সিরাজদীখান উপজেলার রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুন দুপুরে মজিবুর খান ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে নিজ বাড়ির সামনের কাঁচা রাস্তায় প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মজিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ নুর মোহাম্মদ ও আইয়ুব খানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।
রায়ের সময় আদালতে নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তারা সন্তোষ প্রকাশ করেন এবং বিচার প্রাপ্তির জন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।