এমএ হালিম, সুনামগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন,
“পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।” তিনি আরও বলেন, সরকার যদি জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে গণভোটের মাধ্যমে জাতীয় জুলাই সনদের বৈধতা নিশ্চিত করতে হবে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিক্ষোভ মিছিলটি দুপুর ২টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিসম্পন্ন স্মারকলিপি হস্তান্তর করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন,
২. জাতীয় সংসদে পিআর পদ্ধতি চালু,
৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত,
৪. আওয়ামী সরকারের নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমতাজুল হাসান আবেদ, পৌর জামায়াত আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের বৈধতা ও পি আর ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা ছাড়া জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।