২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ শাকিল পারভেজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা) আসনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীতে শহীদ শাকিলের বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
জানা যায়, শহীদ শাকিল পারভেজের বাবার দোয়ার মাধ্যমে ড. হাফিজুর রহমান তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। ২০২৪ সালের ১৮ জুলাই স্বৈরাচার হাসিনা সরকারের দমননীতি ও গুলিবর্ষণের ঘটনায় উত্তরা বিএনএস সেন্টারের সামনে শহীদ হন শাকিল পারভেজ। তিনি টঙ্গীর তরুণদের নেতৃত্বে গনঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন।
সাক্ষাৎকালে শহীদের পিতা বলেন, “আমার সন্তানের রক্ত বৃথা যাবে না—সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই তার ত্যাগের প্রতিদান দিতে হবে।” তিনি ড. হাফিজুর রহমানের প্রতি দোয়া ও সমর্থন জানান।
ড. হাফিজুর রহমান বলেন, “শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে আমরা নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভালোবাসা ও শহীদ পরিবারের দোয়া তাকে ন্যায় ও পরিবর্তনের রাজনীতিতে শক্তি দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর নজরুল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি জাকির হোসাইন, এইচআরডি সম্পাদক হাবিবুর রহমান সুজন এবং সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত শুক্রবার গাজীপুর মহানগরে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।
ড. হাফিজুর রহমান ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি। বর্তমানে তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করেন।