আক্কাছ আলী, মুন্সিগঞ্জ
প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১১ অক্টোবর) সকালে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে পদ্মা নদীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌ র্যালি।
সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ আহরণ নিষিদ্ধ সময়কালকে সামনে রেখে এই জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত ২৫টি ট্রলার নিয়ে বিশাল নৌবহরটি যশলদিয়া ও শিমুলিয়া ঘাট এলাকা থেকে যাত্রা শুরু করে। র্যালিটি লৌহজং বিএনপি কার্যালয়ের সামনে পদ্মা পাড়ে এসে শেষ হয়।
নৌ র্যালি শেষে সেখানে মানববন্ধন ও নাগরিক জমায়েতের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, “ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে এই মা ইলিশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। বছরে মাত্র ২২ দিনের এই সময়ে একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম ছাড়ে—যা ভবিষ্যতের প্রজন্মের জন্য আশীর্বাদ।”
তিনি আরও বলেন, “যেভাবে সমাজে একজন গর্ভবতী নারীকে সবার সহায়তায় আগলে রাখা হয়, তেমনি মা ইলিশকেও আমাদের সবার সচেতনতা ও সহযোগিতায় রক্ষা করতে হবে।”
ড. রিপন ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য পরিকল্পনা প্রসঙ্গে বলেন, “দেশের মানুষ যদি আগামী দিনে আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন, তাহলে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। মানুষের পাতে ইলিশ সহজলভ্য করা ও বিদেশে রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, ইলিশ রক্ষায় এমন ব্যতিক্রমী নৌ র্যালি এই প্রথম অনুষ্ঠিত হলো লৌহজংয়ে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নদীপাড়ের জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।