এমএ হালিম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কুরআন অবমাননার অভিযোগে সুনামগঞ্জ জেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝহাটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে চারাগাঁও,কলাগাঁও ও জঙ্গলবাড়িসহ বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল বের হয়ে মাঝহাটি ব্রীজ সংলগ্ন চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়৷
এসময় বিক্ষোভকারীরা শ্লোগান দেন— “কুরআনের অবমাননাকারীর একটাই শাস্তি, ফাঁসি চাই, ফাঁসি চাই!” তারা বলেন, আল্লাহর কালামকে যারা অপমান করে, তারা শুধু ইসলাম নয়, মানবতারও অবমাননা করে।
বক্তারা বলেন, “যখন আল্লাহর কালামকে অপমান করা হয়, তখন নিরব থাকা কোনো ঈমানদারের কাজ নয়। কুরআনের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অপমানকারীর একটাই শাস্তি—ফাঁসি।” তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।
বিক্ষোভে অংশগ্রহণকারী মাঝহাটি মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ বলেন, “আমরা কোনো অরাজকতা চাই না। কিন্তু আল্লাহর বাণীর প্রতি অবমাননা সহ্য করা যাবে না। ইসলামের প্রতি ভালোবাসা থেকেই আমরা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছি।”
প্রতিবাদ শেষে অংশগ্রহণকারীরা কুরআনের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণভাবে ইসলামের সম্মান রক্ষার ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সুলতান ক্বারী, মাওলানা সোলেমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা খাইরুল বাশার, আজিজুল ইসলাম, জামায়াত নেতা আজিবুর রহমান, সাদ্দাম হোসেন, আব্দুস সোবহান, আরিফুল ইসলাম, শাহানুর মিয়াসহ প্রমুখ৷