আতিকুর রহমান, রাবি
বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ ৯ অক্টোবর ২০২৫ তারিখ, রোজ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত “বিজ্ঞান মেলা ২০২৫ ও বিএলএসসি ২য় বিজ্ঞান অলিম্পিয়াড” শীর্ষক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) -এর উদ্যোগে সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকের উপস্থিতিতে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া এর নেতৃত্ব ১২ সদস্যের একটি টিমের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে ‘’লেজি বল’’, ‘‘সিংগিং পাইপ’’, ‘‘দৈত্যের ধোঁয়া’’, ‘’ফ্লেম টাচ’’, ‘’ভ্যানিশিং গ্লাস’’-এর মতো আকর্ষণীয় ১০টিরও অধিক এক্সপেরিমেন্ট প্রদর্শিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে। প্রতিটি প্রদর্শনীর পরে তাৎক্ষণিক কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়িয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মাজহারুল ইসলাম জানান, ” রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শুধু রাজশাহীতে সীমাবদ্ধ না থেকে সারাদেশের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ুক এবং দেশের প্রতিটি শিক্ষার্থী বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক—এই আশা রাখছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে সায়েন্স শো ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ২০২৫ ক্লাবের সদস্যরা রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলে শিক্ষার্থীদের জন্য সায়েন্স শো প্রদর্শন করেন। উল্লেখ্য যে, গত ১৯ জুন ২০২৫ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ক্লাবটি সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যাওয়ারনেস কর্মশালা পরিচালনা করে।