আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে বিএনপির নামে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপির নামে কেউ অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি একটি গণতান্ত্রিক ও শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল— এখানে অপরাধের কোনো জায়গা নেই।”
জেলা বিএনপির এই নেতা আরও জানান, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুমোদনবিহীনভাবে বিএনপির নাম ও পদবী ব্যবহার করে ব্যানার-ফেস্টুন, রঙিন পোস্টার ও বিলবোর্ড ঝুলিয়ে ব্যক্তিগত প্রচারণা চালানো হচ্ছে— যা সম্পূর্ণ দলীয় শৃঙ্খলাবিরোধী। এসব বিষয়ে জেলা ও উপজেলা অঙ্গসংগঠনের নেতাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মিজানুর রহমান সিনহা বলেন, “দেশের বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সহিংসতার চেষ্টা করছে। ১৭ বছর ধরে নির্যাতন ও অত্যাচার সহ্য করেও বিএনপি জনগণের পাশে থেকেছে, তাই এ দলের ভাবমূর্তি নষ্টের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।”
তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। “এ মুহূর্তে আমরা এমন কোনো উত্তাপ বা বিশৃঙ্খল পরিস্থিতি চাই না, যা দেশের ব্যবসা-বাণিজ্য বা জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে,” বলেন তিনি।
জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন প্রসঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় মনোনয়ন পেলে বুঝতে পারা যাবে জনগণ ও গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীরা কতটা সতর্ক ও সংগঠিত। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই— সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।”