সুনামগঞ্জ প্রতিনিধি:
চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের অবৈধ প্রভাবের মাধ্যমে ইসলামী ব্যাংকে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত এবং এস আলমের দায়-দেনা সমন্বয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, সুনামগঞ্জ।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য ও ইসলামিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধভাবে প্রদত্ত সকল নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। দেশের সকল অঞ্চল থেকে মেধা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে দক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।”
শিক্ষক ও ইসলামি ব্যাংক গ্রাহক আলমগীর আহমেদ তালুকদার বলেন, “এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার কর্তৃক জব্দ করা এস আলম গ্রুপের অর্থ ও সম্পদ ব্যবহার করে ইসলামী ব্যাংকের দায়-দেনা সমন্বয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্টে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, এস আলমের অনৈতিক প্রভাবের কারণে ব্যাংকের স্বচ্ছতা, গ্রাহক আস্থা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। তাই ব্যাংকটির ভাবমূর্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, ইসলামী ব্যাংকের সুনাম, নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন — ওলি আহমেদ, সোলেমান চৌধুরী, শিক্ষক ও গ্রাহক আমিনুল ইসলাম, জয়দর আলী, শফিকুল ইসলাম ধনু, জাকারিয়া স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী জহুর মিয়া, জাকির হোসেন, গোলাপ আহমেদ, মোকাব্বির আহমেদ, কবির হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ৷