অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি সতর্ক করে বলেন, যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হয়, তবে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে ফিরে যাবেন, ফলে দেশ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ফেব্রুয়ারির পর তিনি আর একদিনও থাকতে চান না। তাই রাজনৈতিক দলগুলো যদি সময়মতো নির্বাচন আয়োজন করতে না পারে, তবে তিনি চলে যাবেন।”
তিনি আরও বলেন, “নাহিদ ইসলাম ঠিকই বলেছেন, অনেক উপদেষ্টা এখন সেফ এক্সিট খুঁজছেন। তাদের বেশিরভাগই ডুয়েল সিটিজেনশিপধারী, তাই বিদেশে ফিরে যাওয়া তাদের জন্য কঠিন হবে না।”
রুমিন ফারহানা বলেন, “এই সরকারের ধারাবাহিক ব্যর্থতা আওয়ামী লীগকে সাহসী করে তুলেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের মিছিল আগের চেয়ে ঘন ঘন ও বড় হচ্ছে। তারা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে।”
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, “তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম আপাতত স্থগিত। এ কথার মধ্যেই অস্পষ্টতা আছে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটি ‘ট্রান্সলেশন জনিত ভুল’ বলেছেন, তবে আমি মনে করি এটি রাজনৈতিক অসুস্থতা—যখন কোনো প্রশ্ন এড়াতে চাওয়া হয় তখনই এমন অজুহাত আনা হয়।”