আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে হুমায়ারা তাবাসসুম তাসফিয়া (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ওয়াসেক পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সবার অজান্তে খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাসফিয়া। দীর্ঘ সময় ধরে শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে চিৎকার-চেচামেচি শুরু হয়। পরে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
তাসফিয়া তিন বোনের মধ্যে সবার ছোট ছিল। পরিবারের সবার আদরের সেই শিশুটিকে হারিয়ে এখন শোকে পাথর বাবা-মা ও স্বজনরা। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, সকালেও হাসিখুশি তাসফিয়াকে উঠানে খেলতে দেখা গিয়েছিল। মুহূর্তেই নিভে গেল সেই শিশুর প্রাণ।