নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর-সিংড়ার এলাকায় আত্রাই নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
বর্ষার শেষে নদীর টইটম্বুর জল আর গ্রামের মানুষের উচ্ছ্বাসে শনিবার বিকেলে মুখর হয়ে ওঠে পুরো তীর। সিংড়ার বিলদহর এলাকা থেকে ৮টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। বাঁশের বানা, রঙিন পতাকা আর ঢাক-ঢোলের তালে নদীতে ছুটে চলে নৌকা। দুই পাড়ে হাজারো দর্শকের করতালি আর উল্লাসে প্রতিধ্বনিত হয় আত্রাই নদীর তীর।
শেষ মুহূর্তের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয় দশের দোয়া। বিজয়ীদের হাতে ৩২ ইঞ্চি মনিটর পুরস্কার তুলে দেন বিলদহরের স্থানীয় সমাজসেবী বিএনপি কর্মী আবুল কালাম আজাদ।
প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “সারা বছর খেটে খাওয়া মানুষ আমরা। এই নৌকা বাইচ আমাদের ক্ষনিকের জন্য তুমুল আনন্দ ও হাসতে শেখায়।”
প্রতিবছর বর্ষার শেষভাগে চলনবিল এলাকায় এমন আয়োজন এখন গ্রামীণ উৎসবে পরিণত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, গ্রামীণ ঐতিহ্য রক্ষারও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। নৌকা বাইচ অনুষ্ঠানে নিরাপত্তর জন্য উপস্থিত ছিল ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।