সোহেল রানা, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও টেঁটা দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত হানিফ একই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ শতক জমি নিয়ে হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে মৃত মিনা বেপারীর ছেলে স্বাধীন ওরফে সেন্টু (২৫) এবং জাহাঙ্গীর (২০) ধারালো দা ও টেঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত বাচ্চু মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত সেন্টু ও জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
নিহত হানিফের ছোট মেয়ে স্মৃতি বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আগেও আমাদের হুমকি দিয়েছিল। আমরা দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার চাই।”
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. এম. ও. তৌফিক আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”