দেশে প্রত্যেকে যেন নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তা নিশ্চিত করা সবার দায়িত্ব—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে তিনি একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, কেবল ভোটের জন্য যেন আল্লাহকে নারাজ করা না হয়।
শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
তার ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মনিরুল ইসলাম নামের এক অনুসারী লিখেছেন, “অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।”
প্রসঙ্গত, সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি এবং বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এ ধরনের বিতর্কিত অবস্থানকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ।