আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গত কয়েকদিন ধরে টানা তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কের একাধিক সংস্কার কাজ এবং উড়ালসড়ক নির্মাণ চলমান থাকায় নারায়ণগঞ্জের কয়লাঘাট থেকে সেতু পর্যন্ত প্রতিদিন যানবাহনগুলো ধীরগতিতে চলছে। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই।কাজে যাওয়ার পথে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে বিরক্ত প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা।
নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন মুন্সিগঞ্জে যাতায়াত করেন পোশাককর্মী রুবিনা আক্তার। তিনি বলেন, “সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে যানজটে আটকে থাকতে থাকতে প্রায়ই দেরি হয়ে যায়। কর্তৃপক্ষের কাছ থেকে নানা কথা শুনতে হয়। এভাবে চলতে থাকলে চাকরি টিকানোই মুশকিল হয়ে যাবে।”
একইভাবে ভুক্তভোগী ট্রাকচালক শহিদুল ইসলাম জানান, “এক জায়গায় আধাঘণ্টার বেশি আটকে থাকতে হয়। এতে শুধু সময় নষ্ট হয় না, অতিরিক্ত জ্বালানিও খরচ হয়। আমাদের ব্যবসার উপর সরাসরি চাপ পড়ছে।”
দুর্ভোগের কথা জানিয়ে কলেজশিক্ষার্থী তানভীর হোসেন বলেন, “প্রতিদিন কোচিং বা ক্লাসে যেতে দেরি হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। মুন্সিগঞ্জের ফল ব্যবসায়ী আব্দুল করিম জানান, “পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে ফলমূল। লোকসান গুনতে হচ্ছে।”
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বর্তমানে উড়ালসড়কসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। কাজ শেষ হলে এ রুট দিয়ে চলাচল অনেক সহজ হবে। তবে কাজ চলাকালে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।”