সখীপুর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে অন্যায় করেছে, তার জন্য যদি তারা ক্ষমা প্রার্থনা না করে, তবে কোনো দিন বাংলাদেশের শাসনক্ষমতায় যেতে পারবে না।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম খানও মন্দিরে উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী ও শফিকুল ইসলাম খান কুশল বিনিময় করেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, যে দেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও দেশ পাকিস্তানের চাকর থাকত। পাকিস্তানিরা আমাদের ঘরবাড়ি না পোড়ালে, মা–বোনদের সম্মান নষ্ট না করলে মুক্তিযুদ্ধে জয় পাওয়া সহজ হতো না।
পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।