মোহাম্মদ তারেক,রামগঞ্জ প্রতিনিধি
স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর এলাকায়। স্থানীয়দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হলেও আজও সেই কাঁচা সড়কের সংস্কার কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।
নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ের সামনের প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে তলিয়ে যায় রাস্তাটি, ফলে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়ে।
স্থানীয় সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, “বৃষ্টির সময় এই রাস্তায় হাঁটা যায় না। কাদাপানিতে ডুবে থাকে পুরো এলাকা। শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়, অনেকেই আসতে পারে না। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।”
অন্য শিক্ষক জাহাঙ্গীর আলম যোগ করেন, “এটি বিদ্যালয়ের একমাত্র রাস্তা। অল্প বৃষ্টিতেই কাদায় পরিণত হয়। দ্রুত সংস্কার না করলে এলাকার শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
স্থানীয় ডাক্তার মোঃ আবদুল মান্নান জানান, “রাস্তা খারাপ থাকায় গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নিতে পারা যায় না। যানবাহন চলাচল করতে পারে না বলে অনেক সময় রোগীদের অবস্থা সংকটজনক হয়ে পড়ে।”
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো এই রাস্তাটির উন্নয়ন হয়নি। প্রতিদিন স্কুলের শতাধিক শিক্ষার্থী ও হাজারো মানুষ এই পথে যাতায়াত করে। অথচ বারবার আবেদন করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয় বাসিন্দা মনির হোসেন, মাসুদ আলম ও মোঃ সোলেইমান বলেন, “আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি আমরা আহ্বান জানাই, যেন তিনি বিষয়টি দ্রুত দেখেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই দুর্ভোগে ভুগছে।”
মানববন্ধনের পর এলাকাবাসী আশা করেছিল দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন চরম কষ্ট ও হতাশায় দিন কাটাচ্ছে নয়নপুর ও আশপাশের গ্রামের মানুষ।