মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ার মধ্য ভাটেরচর এলাকায় বজ্রপাতে রবিউল আউয়াল (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবিউল আউয়াল আনলোডিং ড্রেজারে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত ফারজানা জানান, বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নিহত রবিউল আউয়াল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”