দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার থেকে দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীরা বড় বড় দেশীয় ফলজ আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। বিশেষ করে বাবুছড়া কলেজের সামনে, বড়াদম এবং আনসার ক্যাম্পের সামনেসহ একাধিক স্থানে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধকারীরা ইচ্ছাকৃতভাবে শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করছে। মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার ফলে একদিকে যেমন এলাকাবাসী খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৭ বিজিবি সূত্রে আরও জানা গেছে, সড়কে এভাবে গাছ ফেলে রাখার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনে গুরুতর বাঁধা সৃষ্টি হচ্ছে। এতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, এ পরিস্থিতিতে অসুস্থ রোগী পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।