জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী—এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দেওয়া জামায়াতের পাঁচ দফা দাবি ইতোমধ্যে সাড়া ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি।
দলীয় প্রতিক ইস্যু প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমীরের বৈঠকে পরীক্ষামূলকভাবে একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটি চূড়ান্ত নয়। জনগণের গ্রহণযোগ্য দাবি নিয়েই জামায়াত এগোবে এবং সেসব দাবি বাস্তবায়নের জন্য মাঠে থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ, ১০ অক্টোবর সারাদেশে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের স্বপ্ন পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি সরকার গণদাবি উপেক্ষা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত রাজপথেই এর জবাব দেবে।