হাবিবুর রহমান সাগর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষার মূল লক্ষ্য হলো ন্যায্যতা প্রতিষ্ঠা। রাষ্ট্রকে এখন তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে গড়ে তুলতে হবে।”
আজ (সোমবার) বেলা ১১টায় ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সামছুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. কামরুল আহসান তাঁর বক্তব্যে আরও বলেন, “ন্যায়-নীতি প্রতিষ্ঠায় যুক্তি অনুশীলনের বিকল্প নেই। বিতার্কিকরা কেবল যুক্তি দিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপনই করেন না, তাঁরা অপরের মতামতকে শ্রদ্ধা ও সম্মান জানানোর মাধ্যমে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখেন।” তিনি বিতর্ক প্রসারে সংগঠনগুলোর অব্যাহত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ২৮টি কলেজ অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।