সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই বাংলাদেশিকে মারধর এবং দুটি গরু নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৮৩০ নম্বর প্রধান পিলারের এস-৫ সাব-পিলারের কাছে বাংলাদেশি বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫) বাঁশ কাটছিলেন। ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ঘিরে ফেলে এবং বেদম মারধর করে।
ঘটনাটি দেখতে পেয়ে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিএসএফ সদস্যদের প্রতিরোধের চেষ্টা চালান। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। তবে যাওয়ার সময় তারা ওই এলাকার কৃষক জবেদ আলী ও শরিফুদ্দিনের দুটি গরু ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এলাকার গ্রামবাসী সেলিম রেজা জানান, মূলত জিরো লাইনের কাছে বাংলাদেশি কৃষকদের গরু চরানোকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “বিএসএফ দুটি গরু নিয়ে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। গরু দুটি ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
সীমান্তে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।