আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনায় সরব স্থানীয়রা। টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে শুক্রবার বিকেলে হেলিকপ্টারে চড়ে নতুন বউকে ঘরে তুলেছেন কামাল হোসেন নামের এক সার্ভেয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কামালের বিয়ে হয় সাথী আক্তার নামে এক নারীর সঙ্গে। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। তবে গত ১০ আগস্ট হঠাৎ করেই স্ত্রী সাথী বাড়ি ছেড়ে চলে যান এক বিবাহিত যুবকের সঙ্গে। পরে জানা যায়, তিনি কামালকে তালাকও দিয়েছেন।
স্ত্রীর চলে যাওয়ার পর ভেঙে পড়ার পরিবর্তে ভিন্ন সিদ্ধান্ত নেন কামাল। তিনি জানান, “পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যাই ছিল না। কিন্তু কাজের কারণে আমি বাইরে বেশি সময় কাটাতাম। এই সুযোগে স্ত্রী চলে যায়। তখন আমি প্রতিজ্ঞা করি, নতুন জীবন শুরু করব।”
এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার দুপুরে ছোট মেয়েকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন কামাল। আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে।
নতুন স্ত্রীর পরিবারও সব কিছু জেনে শুনেই এই বিয়েতে রাজি হয় বলে জানান তিনি। কামালের ভাষ্য, “স্ত্রী-সন্তানসহ আমার সব দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে নতুন পরিবার। তাই তার জন্য বিশেষ চমক দিতে হেলিকপ্টার ভাড়া করি। আমি চাই সুখী সংসার গড়ে তুলতে।”
এদিকে, হেলিকপ্টারে বরের আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ভিড় জমে যায়। অনেকে বলেন, জীবনের আঘাত ভুলে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন কামাল। তার এই বিয়ে যেন প্রমাণ করেছে, পুরুষের জীবনও থেমে থাকে না।ঘটনাটি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।