বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট কিংবা দুর্বল সরকার গঠিত হতে পারে, যা দেশের স্থায়ী অস্থিতিশীলতার কারণ হবে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর ব্যবস্থার মূল উদ্দেশ্য আসলে বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ কোনো দল ক্ষমতায় যেতে না পারে। তার মতে, জনপ্রিয়তা কম এমন দলগুলোর জন্যই পিআর লাভজনক।
তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। সেক্ষেত্রে পদ্ধতি নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। জামায়াত ইসলামী যদি তা নিয়ে প্রশ্ন তোলে, তবে তাদের সংবিধান খুলে দেখা উচিত।
বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ দাবি মেনে জাতিকে বিপদের মুখে ফেলা যাবে না। বর্তমান সরকার সাংবিধানিক সরকার, তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইন অনুযায়ী চলতে হবে।
জরিপ প্রসঙ্গে তিনি আরও বলেন, তথ্যে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর সমর্থন করে। তিনি অভিযোগ করেন, এ ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।